সরকার পতনের এক দফা ঘোষণা হচ্ছে আজ বুধবার (১২ জুলাই) বিকালে। এদিন নয়াপল্টনের সমাবেশ থেকে এ কর্মসূচি জানাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় একই সময়ে ভিন্ন ভিন্ন অবস্থান থেকে একই কর্মসূচি ঘোষণা করবে যুগপৎ ধারায় যুক্ত বিরোধী দলগুলোও।
তবে দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কর্মসূচি চূড়ান্ত হলেও যুগপতে যুক্ত দলগুলোকে দুপুরের পর ‘মেসেজে’ অবহিত করবে বিএনপি।
বিএনপি ও একাধিক বিরোধী দলের শীর্ষ নেতা বাংলা ট্রিবিউনকে আভাস দিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই শুরু হবে নতুন কর্মসূচি। পদযাত্রা, সমাবেশ ও মানববন্ধন প্রকৃতির এই একই কর্মসূচি সব দল ঘোষণা করবে। পালনও করা হবে যুগপৎভাবে।
১২ দলীয় জোটের অন্যতম নেতা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সবাই একযোগে কর্মসূচি ঘোষণা করবো। দুপুরের পর বিএনপির পক্ষ থেকে আমাদের জানানো হবে।’
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার বিএনপির সঙ্গে যুগপৎভাবে কর্মসূচি ঘোষণা করবে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম, গণঅধিকার পরিষদ (নুর), গণঅধিকার পরিষদ (রেজা), গণতান্ত্রিক বাম ঐক্য, বাংলাদেশ লেবার পার্টি, সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে জমে উঠেছে নয়াপল্টনসহ আশপাশের এলাকা। বেলা ১১টার আগেই ফকিরাপুল মোড় থেকে কাকরাইলমুখী সড়কটি বন্ধ হয়ে গেছে। কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এই সমাবেশ শুরু হবে। সমাবেশের ব্যানারে লেখা হয়েছে ‘গণতন্ত্রের ঘাতক, সর্বগ্রাসী দুর্নীতি ও সর্বনাশা অনাচারে লিপ্ত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ ধারায় বৃহত্তর গণ-আন্দোলনের এক দফা যৌথ ঘোষণা’।
বিএনপির নেতারা জানান, ছয়টি ট্রাকে করে অস্থায়ী মঞ্চ করা হয়েছে। ঢাকাসহ আশপাশের এলাকা নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর থেকে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন সমাবেশে। মাথায় বিভিন্ন রঙের ক্যাপ, ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন। তারা খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন।
সমাবেশ ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে কঠোর অবস্থান রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। কার্যালয়ের আশপাশে সাদা পোশাকেও দায়িত্ব পালন করতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
ঢাকা মহানগর বিএনপির একাধিক নেতা এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জানান, দল থেকে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
ইতোমধ্যে সমাবেশে আসা জেলা বা ইউনিটের নেতাকর্মীরা কোথায় অবস্থান করবেন, তা চূড়ান্ত করে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে। কোন কোন নেতা কোথায় থাকবেন, তা মঙ্গলবার রাতেই চূড়ান্ত করা হয়েছে।