সংঘাত এড়াতে কর্মীদের সরিয়ে দিলেন বিএনপি নেতারা

বিএনপিকে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার (২৮ জুলাই) ‘মহাসমাবেশ’ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে এই অনুমতি দেওয়া হয়। এই খবরে নয়াপল্টনে দলটির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন কর্মী ও সমর্থকরা। পুলিশ বাধা দিলে কর্মীরা এ সময় স্লোগান দিতে থাকেন। এ অবস্থায় যেকোনও ধরনের সংঘাত এড়াতে দলের শীর্ষ নেতারা সড়কে এসে কর্মীদের সেখান থেকে সরিয়ে দেন।

এমনকি মাইকিং করে কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের সরে যেতে বলা হয়। একইসঙ্গে তাদেরকে শুক্রবারের সমাবেশে উপস্থিত থাকতে বলেন নেতারা। কোনও ধরনের উসকানিমূলক বক্তব্য না দেওয়ারও আহ্বান জানানো হয় মাইক থেকে।

এ সময় কর্মীদের উদ্দেশে নেতারা বলতে থাকেন, আমাদের কর্মসূচি শুক্রবার। আজ কোনও ধরনের  ঘটনায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হোক, আমরা তা চাই না। কোনও ইস্যুতে শুক্রবারের মহাসমাবেশ বানচাল হতে দেওয়া যাবে না।

এদিকে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের আশপাশে দুটি জল কামান, দুটি রায়ট কার ও একটি প্রিজন ভ্যান দাঁড় করিয়ে রাখা হয়েছে।

এর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড গ্রুপ নিয়ে নেতাকর্মীরা কার্যালয়ের দিকে আসতে থাকেন এবং তারা কার্যালয়ের সামনে ও আশেপাশের এলাকায় অবস্থান করেন।