বৃষ্টি উপেক্ষা করে গণমিছিলে বিএনপির নেতাকর্মীরা

বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে গণমিছিল করছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি। মিছিলে অংশগ্রহণ করতে দলের নেতাকর্মীরা সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে কমলাপুরে টিটিপাড়ায় স্টেডিয়ামে জড়ো হচ্ছেন। এসময় টিটিপাড়া এলাকায় বড় জনসমাগম তৈরি হয়। 

শুক্রবার (১১ আগস্ট) সকাল থেকেই ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকে। বিকাল তিনটায় গণমিছিল যাত্রা করার কথা রয়েছে। মিছিলটি টিটিপাড়া থেকে শুরু হয়ে মালিবাগ রেলগেটে গিয়ে শেষ হবে।

মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নিচ্ছেন। তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বিএনপি নেতাকর্মীরা বলেন, আজকের গণমিছিল থেকে আমাদের গণদাবি বর্তমান সরকারের পদত্যাগ। এরপর একটি নির্দলীয় নিরেপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের গণমিছিলে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দক্ষিণের এই মিছিলের সমন্বয় করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক আব্দুস সালাম ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।