বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনীতির একটি খুব কঠিন সময়ে অবস্থান করছি। এত কঠিন সময় মনে হয় বাংলাদেশের ইতিহাসে আর কখনও আসেনি। আমরা যারা সত্যিকার অর্থে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করি, তাদের একটি কথা মনে রাখতে হবে, আমরা রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি।
মঙ্গলবার (২৮ মে) এ এফ এম সোলায়মান চৌধুরীর লেখা 'ফেনীতে ৩২১ দিন, জেলা প্রশাসক হিসেবে আমার অভিজ্ঞতা' বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই প্রকাশনা উৎসবের আয়োজন করে সূচীপত্র প্রকাশনী।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ নামে আর কোনও রাষ্ট্র নেই। এটি পৈত্রিক সম্পত্তি-জমিদারিতে পরিণত হয়েছে। তারা যা ইচ্ছা তা করবে এবং তাই করে যাচ্ছে। কারণ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব যাদের ওপর ছিল তারাই সবার আগে নষ্ট হয়ে গেছেন। আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, তারা সবকিছু ধ্বংস করে দিচ্ছে। এসময় এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আবারও সব দলের নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে লড়াই করছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আবার দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা নিয়ে আসা হলো, তখন আমরা এর বিরোধিতা করেছি, প্রচুর আন্দোলন করেছি।
মহাসচিব বলেন, আমরা এত প্রতিকূলতা, এত বৈরি অবস্থা, এত যন্ত্রণার পরেও চেষ্টা করছি মাথা উঁচু করে দাঁড়ানোর। আমরা চেষ্টা করছি মানুষের সমস্যাগুলোকে সমানে নিয়ে আসার।
‘ফেনীতে ৩২১ দিন, জেলা প্রশাসক হিসেবে আমার অভিজ্ঞতা’ বইয়ের লেখক এ এফ এম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে প্রকাশনা উৎসবে আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কবি আব্দুল হাই সিকদার, সূচীপত্র প্রকাশনীর সত্ত্বাধিকারী সাঈদ বারী প্রমুখ।