খুব শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবো: খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘শহীদ জিয়া যে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য শাহাদাতবরণ করেছেন, সেই গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। খুব শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবো—এই হোক জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে আমাদের অঙ্গীকার।’

বৃহস্পতিবার (২৯ মে) বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দলটির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে প্রধান অতিথির রেকর্ডকৃত বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। 

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন; তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে।’

এ সময় তিনি জিয়াউর রহমানের নানা উদ্যোগের প্রশংসা করেন, আলোচনা করেন। দেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন খাতে জিয়াউর রহমানের অবদানের কথাও উল্লেখ করেন তিনি। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।