নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে: মির্জা ফখরুল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নুরকে দেখতে এসে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, “এখানে তার চিকিৎসা ভালোভাবে হচ্ছে। তবে বর্তমান অবস্থায় তিনি এখনও মুখে খাবার খেতে পারছেন না, শুধু তরল খাবার দেওয়া হচ্ছে। ফলে তার সুস্থ হয়ে উঠতে আরও সময় লাগবে।”

মির্জা ফখরুল বলেন, “যারা তাকে আঘাত করেছে, সেটা একেবারেই পরিষ্কার—তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি গণঅভ্যুত্থানের পর যদি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এভাবে রাজনৈতিক নেতাদের ওপর হামলা চালায়, তবে সাধারণ মানুষের সঙ্গে তারা কেমন আচরণ করবে তা সহজেই অনুমেয়।”

তিনি বলেন, “আমি মনে করি প্রধান উপদেষ্টা যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন, তা দ্রুত শেষ করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

নুরুল হক নুরের উন্নত চিকিৎসার বিষয়েও সরকারের প্রতি আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, “নুরুকে যেন দ্রুত দেশের বাইরে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়—আমি সরকারের প্রতি সেই আহ্বান জানাচ্ছি।”