বিএনপিই একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারবে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আমি বিশ্বাস করি বিএনপিই একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারবে। এজন্য দলের নেতাকর্মীদের অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।’

শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসি এর উদ্যোগে ‘১৫ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রাম ও ৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দুদু বলেন, ‘শেখ হাসিনা ও তার দোসররা সীমাহীন লুটপাট করে ব্যাংক সেক্টরকে একেবারেই ধ্বংস করে দিয়েছে। সেই টাকা ফেরত আনবেন এই প্রতিশ্রুতি বর্তমান সরকারপ্রধান দিয়েছিলেন। এখনও তিনি সে প্রতিশ্রুতির মধ্যেই আছেন এবং আমাদের একটা দৃঢ় বিশ্বাস আছে যেহেতু তিনি আরও চার-পাঁচ-ছয় মাস থাকবেন, তার (ড. মুহাম্মদ ইউনূসের) যে ভাবমূর্তি দেশে-বিদেশে আছে আশা করি তিনি টাকা ফেরত আনতে পারবেন।’

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারলে সেই সরকার তার কাজের অংশ হিসেবে বিদেশ থেকে পাচার করা টাকা নিয়ে আসতে পারবে এবং সেই সরকার পরীক্ষিত হবে।’

বিএনপির এই নেতা দাবি করেন, ‘দেশে ভুয়া নির্বাচনের সূচনা, নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলা হয়েছিল স্বাধীনতার পর ১৯৭৩ সালের নির্বাচনে। সেই সময় শেখ মুজিবুর রহমানের আমলে বিরোধী প্রার্থীদের বিজয় কেড়ে নিয়ে আওয়ামী লীগ প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয়। দুদুর অভিযোগ, শেখ হাসিনা সেই ধারাকেই অনুসরণ করে ২০০৮ সালের পর থেকে ধারাবাহিকভাবে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছেন।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র মানেই সুষ্ঠু নির্বাচন। শেখ হাসিনা গত ১৫ বছরে সেই নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছেন। গণহত্যা, ব্যাংক লুটপাট ও ভোটচুরির জন্য তার জবাবদিহি করতে হবে।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য বারবার নির্যাতন সহ্য করেছেন, অথচ প্রতিপক্ষের বিরুদ্ধে কোনও কটূক্তি করেননি। একইভাবে তারেক রহমান দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে পরীক্ষিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে থাকতে হবে। তাহলে দেশকে এগিয়ে নেওয়ার কাজে ওনারা আরও শক্তি পাবে। দেশকে রক্ষা করতে পারে বিএনপি, সে প্রমাণও বিএনপি দিয়েছে। ভবিষ্যতেও এই দেশকে বিএনপি রক্ষা করতে পারবে। এটা আমি বিশ্বাস করি।’