ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার পঞ্চম দিনে মিরপুর-৬ এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এ সময় তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান নেতৃত্বের তীব্র সমালোচনা করে বলেন, ক্ষমতায় গেলে বোর্ডের সকল অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হবে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে মিরপুর ৬ নম্বর সেকশনের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়কালে আমিনুল হক সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম একটি অত্যন্ত প্রশ্নবিদ্ধ ক্রিকেট বোর্ড তৈরি হয়েছে। একজন সাবেক অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতার কারণে আজ দেশের ক্রিকেট বোর্ড কলঙ্কিত। তাদের ভুল নীতি আর ব্যক্তিগত স্বার্থের কারণে দেশের ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হচ্ছে।”
ক্রিকেট কূটনীতির ব্যর্থতার দিকে ইঙ্গিত করে সাবেক এই জাতীয় ফুটবলার বলেন, “সঠিক কূটনীতির অভাবে বাংলাদেশ দল আজ নিরাপত্তা জটিলতায় পড়ছে। আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সময়মতো ফলপ্রসূ আলোচনা করতে এই বোর্ড ব্যর্থ হয়েছে। তাদের এই অনভিজ্ঞতার দায়ভার পুরো দেশের ক্রিকেটকে বইতে হচ্ছে।” সম্প্রতি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি’র সঙ্গে চলমান টানাপোড়েন ও নিরাপত্তা উদ্বেগের প্রসঙ্গ টেনে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে জয়ী হলে ক্রিকেটের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করে আমিনুল হক বলেন, “আল্লাহ যদি আমাদের কবুল করেন এবং আমরা সরকার গঠন করি, তবে অবশ্যই এই বোর্ডের প্রতিটি কর্মকাণ্ডের স্বচ্ছ তদন্ত করা হবে। কারও ব্যক্তিগত স্বার্থের জন্য দেশের ক্রিকেট বা ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে না। যারা এই ক্ষতির সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে আইনের মুখোমুখি হতে হবে।”