দেরিতে আসায় বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিতে পারেননি ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত ইশরাক হোসেন। তিনি জামায়াতের সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন। তবে, সংবিধান সংস্কার পরিষদ শপথ শুরু হতেই বেরিয়ে যান তিনি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতের ৬৮ জন সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন এবং শপথপত্রে নিজ আসন উল্লেখ করে সই করেন। তার আগেই ইশরাক হোসেন বেরিয়ে যান।
তার খানিকটা আগে সংবিধান সংস্কার পরিষদ শপথ না নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানাকেও বের হতে দেখা যায়।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
বিকাল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।