বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, মহানবী (সা.) সমগ্র মানব জাতির রহমতস্বরূপ পৃথিবীতে এসেছেন। তার জীবনাদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করাই আমাদের ব্রত। বর্তমান বিশ্বে তার নীতি ও আদর্শ অনুসরণ করলে যুদ্ধ বিগ্রহ ও অশান্তি থাকতো না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “গত ৬ মাসে এমন কোনও অপরাধী পাওয়া যাবে না, যাকে পুলিশ গ্রেফতার করেনি। এই কৃতিত্ব পুলিশের। ইতোমধ্যে তাদের হারানো মনোবল ফিরে এসেছে। এই অল্প সময়ে এর চেয়ে বেশি কিছু সম্ভব নয়।”
বুধবার (২৬ আগস্ট) দুপুরে নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
সালাহ উদ্দিন আহমদ বলেন, “সরকার উত্তরাধিকার সূত্রে যে পরিস্থিতি পেয়েছে, তা বিবেচনায় রাখতে হবে। এরই মধ্যে রামিসাসহ চাঞ্চল্যকর সব হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। এই অল্প সময়ে এর চেয়ে বেশি কিছু সম্ভব নয়। তবে কথা দিচ্ছি দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আনা যাবে না। সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব করার চেষ্টা করছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট মাসুদ তালুকদার, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু ও কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।