পলাতক আ. লীগকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, পলাতক আওয়ামী লীগ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। সরকারকে ব্যর্থ করার চেষ্টায় উন্মাদ হয়ে গেছে। তাদের রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পাট শ্রমিক দলের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতি খুন হয়েছে, জেল খেটেছে। কিন্তু কেউ পালিয়ে যাননি। শুধু ফ্যাসিস্ট শেখ হাসিনাই জনগণের তাড়া খেয়ে পালিয়ে গেছেন।

১৭ বছর গুম-খুন, জেল-জুলুম ও নির্যাতনের পর ছাত্র-জনতার রক্তের বিনিময়ে জনগণ একটি গণতান্ত্রিক দেশ পেয়েছে। কিন্তু দেশের বাইরে বসে সব কিছু অস্বীকার করছে পতিত ফ্যাসিস্ট শক্তি।

সম্মেলনে তিনি আরও বলেন, জাতীয় শিল্প উন্নয়নের জন্য সবচেয়ে বেশি উদ্যোগ হাতে নিয়েছিলেন শহীদ জিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আমান উল্লাহ আমান।