রওশন এরশাদের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এমপি'র সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং (Li Jiming)।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় গুলশানের একটি হোটেলে এই সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

গোলাম মসীহ্ জানান, সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

তিনি উল্লেখ করেন, বিরোধীদলীয় নেতা চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন রংপুর সদর আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি (সাদ) এরশাদ এবং বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।