খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ঘরে-বাইরে সর্বত্রই মানুষ অনিরাপদ। বুয়েটের মতো প্রতিষ্ঠানের আবাসিক হলের রুম থেকে একজন মেধাবী ছাত্রকে ধরে নিয়ে হলে ভেতরেই নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দেশবাসী স্তম্ভিত। সরকার দলীয় ছাত্র সংগঠনের অপকর্ম থামছেই না। একের পর এক হত্যা, ধর্ষণ, চাঁদাবাজির ঘটনা চালিয়ে যাচ্ছে তারা।
তারা আরও বলেন, একজন দেশপ্রেমিক ছাত্রকে রুম থেকে ধরে নিয়ে হলের ভেতরে এভাবে পিটিয়ে হত্যা জাতির ভবিষ্যতের জন্য অশনিসংকেত। আবরার হত্যায় জড়িত ছাত্রলীগের সব খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস বলেন, দেশের প্রতিবাদী মানুষের রক্তে সরকারের হাত রঞ্জিত। দেশে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে নিজের অপকর্ম, দুর্নীতি ঢাকার আপ্রাণ প্রচেষ্টা করছে সরকার তারই একটি অংশ হিসেবে আবরারকে হত্যা করা হয়েছে। অবিলম্বে আবরার হত্যার বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে পরিণতি শুভ হবে না।
পৃথক আরেক বিবৃতিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, গভীর রাতে বুয়েট হলে এ নৃশংস হত্যাকাণ্ড সাধারণ শিক্ষার্থীদের মাঝে চরম উৎকণ্ঠা তৈরি করেছে। খবরে প্রকাশিত হয়েছে, খুনিরা ছাত্রলীগের বুয়েট শাখার দায়িত্বশীল। ছাত্রলীগকে আমরা একটি ছাত্র রাজনৈতিক সংগঠন হিসেবে জানতাম। এই ঘটনায় প্রমাণ হলো ছাত্রলীগ খুনিও তৈরি করে। যারা নিজেদেরই ক্যাম্পাসের একজন শিক্ষার্থীকে পিটিয়ে মেরে ফেলতে পারে।
প্রসঙ্গত, আবরারকে রবিবার (৬ অক্টোবর) রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরে বাংলা হলের দুইতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।
আরও খবর:
আবরার হত্যা: ১১ জনের সংশ্লিষ্টতা পেয়েছে ছাত্রলীগের তদন্ত কমিটি
আবরারকে কোলে করে করিডোর পার করেন চারজন (ভিডিও)
বুয়েটে আবরার হত্যা: ছাত্রলীগ থেকে ১১ জনকে স্থায়ী বহিষ্কার
আবরার হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা
কাউকে পেটানোর নির্দেশনা কখনও ছাত্রলীগ দেয় না: ভারপ্রাপ্ত সভাপতি
‘ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ভাইকে পিটিয়ে হত্যা করেছে’
ফোনে ডেকে নেওয়ার পর লাশ মিললো বুয়েট শিক্ষার্থীর
আবরার হত্যার বিচার চেয়ে সরব ফেসবুক