বিএনপি করোনা টিকার নয়, সরকারের অব্যবস্থাপনার সমালোচনা করছে‑ বলে মন্তব্য করেছেন বিএনপির করোনা পর্যবেক্ষণ জাতীয় কমিটির আহবায়ক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এসময় দেশের সকল মানুষের জন্য টিকা কবে আসবে তার সুনির্দিষ্ট রোডম্যাপ জনসমক্ষে প্রকাশের জন্য সরকারের প্রতি আহবানও জানান টুকু।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার ও ঔষধসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে এসব কথা বলেন টুকু।
তিনি বলেন, “টিকা নিতে একজনের পাশে আরেকজন স্বাস্থ্যবিধি না মেনে লাইনে দাঁড়িয়ে আছে। তাতে করোনা বিস্তারের ব্যবস্থা করা হচ্ছে। আমরা সেটার বিরোধিতা করছি, সমালোচনা করছি। আপনারা বেশি বেশি করে বুথ খুলতেন তাতে লোকের চাপ কমতো। তাতো করেননি আপনারা।”
টুকু বলেন, ‘দেশে যদি ৭০% লোককে দুই ডোজ টিকা দেওয়া হয় তাহলে ২৫ কোটি ডোজ টিকা লাগবে-সেটার কী অবস্থা। পাইপলাইনের কী অবস্থা, কবে কোনটা আসছে, কত স্টক আছে-দেশের মানুষ কিছু জানে না। তারা সব আন্দাজি বলছে। আমরা এগুলো নিয়ে সমালোচনা করি। টিকার বিরুদ্ধে আমরা-এটা না।”
টুকু বলেন, “বিএনপি বিরোধী দলে, জনগণের পাশে থাকবে, তাদের সহযোগিতা করার চেষ্টা করবে-এটাই হচ্ছে বিএনপির রাজনীতি, এটা হচ্ছে শহীদ জিয়াউর রহমানের রাজনীতি, এটা হচ্ছে বেগম খালেদা জিয়ার রাজনীতি, এটাই হচ্ছে তারেক রহমানের রাজনীতি। আমরা তাদের সৈনিক হিসেবে সেই কাজটাই করে যাচ্ছি।”
সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের সঞ্চালনায় এই অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক আব্দুস সালাম, ফরিদপুরের মোদাচ্ছির আলী ইসা, মাহবুবুল হাসান পিন্টু, খন্দকার নাসিরুল হক নাসির প্রমুখ নেতারা বক্তব্য রাখেন।