উন্নয়নের সুফল পায়নি জনগণ: মেনন

দেশের উন্নয়নের সুফল জনগণ পায়নি বলে মন্তব্য করে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আমরা স্বীকার করি বাংলাদেশ ৫০ বছরে উন্নয়নশীল দেশ হয়েছে। এজন্য আমরা গর্ব করি। কিন্তু এই উন্নয়নের ধারায় সাধারণ জনগণ কোথায়?

বুধবার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর শাখা আয়োজিত বিজয়ের ৫০ বছর উপলক্ষে ‘মুক্তিযুদ্ধ জাতির শ্রেষ্ঠ অর্জন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেনন বলন, ‘জাতীয় আয় ৪৪ শতাংশ বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে। অনেক সূচকে আমরা ভারতকেও ছাড়িয়ে গেছি। কিন্তু জনগণ এর সুফল পায়নি। জনগণকে এসব উন্নয়নের সুফল পৌঁছে দিতে আবার লড়াই করতে হবে। এই লড়াই করবে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কর্মীরা।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ আমাদের দ্বারে দ্বারে ঘুরে ঐক্যের কথা বলেছে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের স্বার্থে আমরা ঐক্য করেছিলাম। কিন্তু সেই ঐক্যের প্রতিফলন আমরা পাইনি।’

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘জনগণ আমাদেরকে ক্ষমতার উচ্ছিষ্টভোগী বলে, এ দায় আমাদের মেনে নিতে হয়। আমরা ক্ষমতার সঙ্গে ছিলাম, কিন্তু ক্ষমতার উচ্ছিষ্ট কেন পাবো না, সেই ভাবনায় আমাদের সময় গেছে। আমি নিজের কাছে নিজে প্রশ্ন করি— এই লড়াইয়ের পরিণতি কি এটাই।  কিন্তু ক্ষমতায় যে বৈষম্য সে বৈষম্যের বিরুদ্ধে যখন আমরা কথা বলি, তখন চৌদ্দ দলের কেউ কথা বলে না। আমরা চৌদ্দ দলকে সেভাবে গড়ে তুলতে পারিনি।’

বাঙালির মাঝে একতা ছিল বলে মন্তব্য করে তিনি বলেন, ‘যুদ্ধের ৯ মাসে সারাদেশের কোথাও কোনও চুরি-ডাকাতির ঘটনা ঘটেনি। সে সময় রাষ্ট্রে কোনও প্রশাসন না থাকলেও সাধারণ মানুষের আন্তরিক সম্পর্ক এবং একতা ছিল। মিল-কারখানাগুলো শ্রমিকরাই রক্ষা করেছে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— মুক্তিযোদ্ধা আবুল হোসাইন ও হাজেরা সুলতানা প্রমুখ।