সাগরের তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের চুক্তি জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করা হয়।
বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সভাপতি হামিদুল হকের নাম উল্লেখ করা হয়।
বিবৃতিতে নেতারা বলেন, দেশের সাগর ও স্থলভাগের তেল-গ্যাস-খনিজসম্পদের মালিক দেশের জনগণ। ফলে তেল-গ্যাস-খনিজসম্পদের ওপর জনগণের শতভাগ মালিকানা নিশ্চিত করেই সাগর ও স্থলভাগের তেল-গ্যাস-খনিজসম্পদ অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ নিতে হবে। এর ব্যত্যয় হলে কিংবা জাতীয় স্বার্থ বিরোধী কোনও উদ্যোগ জনগণ মেনে নেবে না।