সুশাসন প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার আহ্বান বি. চৌধুরীর

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব) আবদুল মান্নান এমপি জাতির উন্নতির জন্য সত্যিকারের গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

দলের এই দুই শীর্ষ নেতা সোমবার (৮ মে) বিকল্পধারা বাংলাদেশের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান।

উল্লেখ্য, ২০০৪ সালের ৮ মে বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। অধ্যাপক বি. চৌধুরী ২০০১ সালের ১৪ নভেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব লাভ করেন এবং রাজনৈতিক কারণে ২০০২ সালের ২১ জুন, রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। তিনি বিকল্পধারার প্রেসিডেন্ট হিসেবে এখনও দায়িত্বে রয়েছেন। দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব হচ্ছেন মেজর (অব) আবদুল মান্নান এমপি। 

বিবৃতিতে বিকল্পধারার এই দুই শীর্ষ নেতা আরও বলেন, দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ১৯ বছর আগে আমরা এই দলটি প্রতিষ্ঠা করেছিলাম। আমরা বিশ্বাস করি যে, গণতন্ত্র আমাদের জনগণের জন্য দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জনের চাবিকাঠি।, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা’, ‘প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা’, ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং অর্থনৈতিক মুক্তি’কে আমরা  আমাদের দলীয় আদর্শের ৪টি স্তম্ভ হিসেবে গ্রহণ করেছি।