কার্যালয়ের তালা ভেঙে কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ গণঅধিকার পরিষদের

গণঅধিকার পরিষদের কার্যালয়ের তালা ভেঙে দল নিবন্ধনের সব ডকুমেন্টসসহ জরুরি কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। কার্যালয়ের কেচিগেটে নতুন করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে বাংলা ট্রিবিউনকে তিনি একথা জানান।

রাশেদ খান বলেন, ‘গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক মিয়া মশিউজ্জামান ও গোয়েন্দা সংস্থার লোকেরা আমাদের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দলের নিবন্ধনের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছেন। কার্যালয়ের কেচিগেটে নতুন করে তালা লাগিয়ে গিয়েছে। আজ সকালে আমাদের দলের নেতাকর্মীরা কার্যালয়ে গিয়ে এই দৃশ্য দেখা আমাদের জানান।’

অভিযোগের বিষয়ে মশিউজ্জামান বলেন, ‘ভাড়া বকেয়া থাকায় নুরুল হক নুরদের বারবার অফিস ছেড়ে দেওয়ার কথা বলা হলেও তারা ছাড়েনি, বরং আমার মালিকানা নিয়ে তারা প্রশ্ন তোলেন। যথাযথ প্রমাণ না দেখাতে পারলে অফিস ছাড়বেন না বলে হুমকি দিচ্ছেন তারা। যেখানে আমার পৈতৃক সম্পত্তি– এ রকম হুমকির মুখে তখন আমি আমার মিস্ত্রী দিয়ে কেচিগেট বানিয়ে গণঅধিকার পরিষদের অফিসের গেটের সামনে লাগিয়ে দিয়েছি। এই কাজে আমার সঙ্গে কেউ ছিল না। আমি নিজ উদ্যোগে এই গেট লাগিয়েছি।’