পাতানো নির্বাচনে গিয়ে ইনু-মেননের মন খারাপ: সুব্রত চৌধুরী

গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কারা নির্বাচিত হবে সেই তালিকাও হয়তো এতোদিনে তৈরি হয়ে গেছে। সুতরাং সেই তালিকা গোপন থাকবে না। ইনু সাহেব, মেনন সাহেবের মন খারাপ। কিংস পার্টি, কুইন্স পার্টিরা সিট পাবে ভেবেছিল। শেখ হাসিনার পাতানো নির্বাচনে একটা সিটের আশায় খেলতে গিয়ে এই দালালগোষ্ঠীর এখন আমও যাচ্ছে, ছালাও যাচ্ছে।’

রবিবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবরোধের সমর্থনে ‘গণফোরাম’ ও ‘বাংলাদেশ পিপলস পার্টি’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘২০১৪ সালে এক কেরামতি করেছেন, ২০১৮ সালে আরেক রাজচালাকি করেছেন। ২০২৪ এসে সবাইকে বললো— নির্বাচনে যাও, সবাইকে কিছু না কিছু দেবো। দলের লোকজনকে বলেছেন— এবার তোমরাও দাঁড়িয়ে যাও, এবার আমি আর কোনও দায়িত্ব নেবো না। মারামারি করে ইলেকশন করো।’

‘সরকার আবারও একটা তামাশার, সার্কাসের নির্বাচন করতে চাইছে’, অভিযোগ করে সুব্রত চৌধুরী বলেন, ‘এখানে কোনও প্রতিপক্ষ নাই। কেউ গোপনে কেউ প্রকাশ্যে গণভবনে আপনার দোয়া নিতে যায়। কাকে কয়টা সিট দেবেন। কাকে নৌকা, কাকে স্বতন্ত্র, কাকে ডামি দেবেন। এটা কী ধরনের নির্বাচন?’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে গণফোরামের সম্পাদক বলেন, ‘২০১৪ সালে নির্বাচন করেছেন বিনাভোটে। আপনাকে কেউ ভোট দেয় নাই। ২০১৮ সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি বঙ্গবন্ধুর কন্যা, আমাকে বিশ্বাস করেন। আমাদের বলেছিলেন ভোটে আসেন। তারপর কী হলো? আমাদের প্রার্থীদের মাঠে নামতে দেন নাই। আওয়ামী লীগের অনেক প্রার্থীরাও জানে না কীভাবে ভোট হয়েছিল।’

বাংলাদেশ পিপলস পার্টির সভাপতি বাবুল সরদার চাখারী বলেন, ‘এই তামাশার নির্বাচনে যে ৩০টি দল গেছে তাদের সবার সভানেত্রী শেখ হাসিনা। উনি গণভবনে বসে সবাইকে সিটের আশা দেন।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আপনারা আমাদের সাহায্য করতে পারেন, কিন্তু কথায় কথায় বলেন— আমরা হাসিনার পক্ষে আছি। আপনি কি বাংলাদেশের জনগণের ভোট দিয়ে দেবেন?’

এসময় গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।