গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, জনগণের আন্দোলনের ফলে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে ক্ষতিগ্রস্তরা যথাযথ ক্ষতিপূরণ ও সুবিচার পাবেন। বাধা-বিপত্তি অতিক্রম করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম চলছে, চলবে। জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন ও সংগ্রামে বিজয় অনিবার্য।
সোমবার (১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সুব্রত চৌধুরী বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার রাষ্ট্রকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। রাষ্ট্র কাঠামোর প্রতিটি স্তরে আজ চরম গণতন্ত্রহীনতা, দুর্নীতি ও দুঃশাসন প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। প্রশাসনে চলছে দলবাজীর নির্লজ্জ প্রতিযোগিতা। আইনশৃঙ্খলা বাহিনী দলীয় ক্যাডারে পরিণত হয়েছে। জাতীয় নির্বাচন, স্থায়ীন সরকার নির্বাচন এবং সুপ্রীম কোর্ট বারসহ সব পেশাজীবী সংগঠনের নির্বাচনে প্রশাসন ও পুলিশের অন্যায় হস্তক্ষেপে রাষ্ট্রের সামগ্রিক নির্বাচনীব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এই বিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষা করা আমাদের কর্তব্য।’
তিনি বলেন, ‘আমাদের সংবিধানের মূল ভিত্তি জনগণের মালিকানা প্রতিষ্ঠা। কিন্তু আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে যে তামাশার আয়োজন করা হয়েছে, তা সম্পূর্ণরূপে অবৈধ। গণতন্ত্র, ভোটাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে প্রহসনের নির্বাচন বর্জনের জন্য আহ্বান জানাচ্ছি।’
এ সময় আরও ছিলেন– গণফোরামের তথ্য ও গণমাধ্যম সম্পাদক মাহমুদউল্লাহ মধু, বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাষানী, প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।