গোষ্ঠীতন্ত্র, সাম্প্রদায়িকতা ও দুর্নীতি-বৈষম্যের বিরুদ্ধে দেশের তরুণদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাশেদ খান মেনন। শনিবার (১৮ মে) বিকালে রাজধানীর সেগুনবাগিচা সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে বাংলাদেশ যুব মৈত্রী ও বাংলাদেশ ছাত্র মৈত্রী'র যৌথ আয়োজনে অনুষ্ঠিত নিজের জন্মদিনের উৎসবে তিনি এ আহ্বান জানান।
মেনন বলেন, "বায়ান্ন থেকে একাত্তর- এ দেশের প্রতিটি লড়াইয়ে অনন্য অবদান রেখেছে এদেশের তরুণ সমাজ। আশির দশকে এরশাদবিরোধী সংগ্রাম, নব্বইয়ের গণঅভ্যুত্থানেও তরুণ সমাজ মূল ভূমিকায় ছিলেন। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত হয়েছিল তরুণদের লড়াইয়ের কারণেই। তাই আজকের সে সমস্যা ও সংকট তা থেকে উত্তরণে তারুণ্যকেই এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ যুব মৈত্রী'র সভাপতি তৌহিদুর রহমান তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মৈত্রী'র সাধারণ সম্পাদক তাপস দাস, বাংলাদেশ ছাত্র মৈত্রী'র সভাপতি অতুলন দাস আলো।
জন্মদিনে কেক কাটা, ফুলেল শ্রদ্ধা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।