সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের দুটি গ্রুপে তার বিরুদ্ধে অসত্য ও অপপ্রচার ছড়ানোর অভিযোগ এনে সাইবার নিরাপত্তা আইনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শাহবাগ থানায় নিজে উপস্থিত হয়ে এ জিডি করেন তিনি।
জিডিতে উল্লেখ করা হয়, ‘ফেসবুক গ্রুপ ‘আমি মানুষ আওয়ামী লীগ না’ ও ‘অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ থেকে মডারেটরদের মাধ্যমে তার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে তাকে হেয়প্রতিপন্ন করা হয়েছে।
এ বিষয়ে ছাত্রদল সভাপতি বলেন, ‘পোস্টে আমাকে আক্রমণ করা হয়েছে। আমার বিরুদ্ধে অপ্রচার করা হয়েছে। সম্মানের হানি করার লক্ষ্যেই এ ধরনের অপ্রচার ছড়ানো হচ্ছে। আইন প্রক্রিয়ায় মাধ্যমে এ অপপ্রচারের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক জানান, দুটি ফেসবুক পেজ থেকে আপত্তিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ নিয়ে তিনি থানায় জিডি করেছেন। এ বিষয়ে পুলিশের সাইবার ইউনিটের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।