বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
শুক্রবার (৩০ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেন, বিএনপি বিগত ১৭ বছর নিপীড়িত মানুষের অধিকার ও গুম হয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে জাতিকে সঠিক নেতৃত্ব উপহার দিতে পারেনি।
দলের নেতা আনোয়ার সাদাত টুটুল জানান, প্রতি বছর জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয় এবি পার্টি।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দেশের প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন ছিলেন জিয়াউর রহমান। তিনি তার নতুন দলের মতাদর্শ হিসেবে বাংলাদেশি জাতীয়তাবাদকে গ্রহণ করেছিলেন। ভেবেছিলেন, এই মতবাদের ভিত্তিতে শোষণমুক্ত সমাজ গড়বেন। তার মৃত্যুর পর দুইবার ক্ষমতায় ছিল তার প্রতিষ্ঠিত দল বিএনপি। শোষণহীন সমাজের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। এর প্রধানতম একটি কারণ হলো রাজনীতিবিদদের সীমাহীন দুর্নীতি ও লুটপাট।
এবি পার্টির দুই নেতা বলেন, আজ শহীদ জিয়ার মৃত্যুর ৪৪ বছর পর যে বাংলাদেশ দেখছি সেখানে ঐক্য নেই, বহুদলীয় গণতন্ত্র নেই। আছে মতাদর্শ ও মতবাদের ভিত্তিতে বিভক্তি। দল হিসেবে বিএনপি বিগত ১৭ বছর নিপীড়িত মানুষের অধিকার ও গুম হয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে জাতিকে সঠিক নেতৃত্ব উপহার দিতে পারেনি। এমন অবস্থায় বর্তমান প্রজন্মের বাংলাদেশিদের বাধ্য হয়েই নতুন রাজনীতির কথা বলতে হচ্ছে, নতুন রাজনৈতিক দল গঠন করতে হচ্ছে। এবি পার্টি সে রকমই একটি উদ্যোগ।