বিএনপি যদি পুরনো ধারায় রাজনীতি করে ক্ষমতায় আসে তাহলে দুই বছরও ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।
শনিবার (১২ জুলাই) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে পুরান ঢাকায় পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওসমান হাদী বলেন, বিএনপি শুধু বিপুল ভোটে না, তিনশো আসনেও যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে—এই অবস্থায় তারা দুই বছরের বেশি সরকার টিকতে পারবে না।
তিনি বলেন, এখন মানুষ মার খাইতে খাইতে মার দেওয়া শিখে গেছে। আপনি যখন তাকে একটা বাজে কথা বলবেন, সে আপনাকে তিনটা বাজে কথা বলবে। আপনারা যদি সংসদে বসেও দেশবিরোধী আইন করেন তাহলে মানুষ তাদের জীবনের জানমালের কথা না ভেবে সংসদে গিয়েও আপনাদের পেটাবে। আপনারা তখন ইংরেজিতে যতই মব বলেন না কেনো, তখন তাদের ফেরাতে পারবেন না। সুতরাং আপনারা জনগণের রাজনীতিতে ফিরে আসেন।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, নতুন করে রাজনীতি শুরু করেন—তা হবে জুলাইয়ের রাজনীতি। জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সবচেয়ে বেশি সোচ্চার হন। আপনারা জুলাই ঘোষণাপত্র, জুলাই সংবিধানের জন্য মাঠে নামেন। অন্যথায় আপনাদের অবস্থা মুসলিম লীগ ও আওয়ামী লীগের মতো হবে। মুসলিম লীগকে কেউ মারে নাই, রাজনৈতিক ভুলের জন্য নাই হয়ে গেছে। আর যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ৫৪ বছর আগে, সেই দল সবকিছু নিয়ে পালিয়েছে।