স্বাধীনতাকে অর্থবহ করতে রাষ্ট্রের সংস্কার জরুরি: চরমোনাই পীর

দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, “স্বাধীনতাকে অর্থবহ ও কার্যকর করতে রাষ্ট্রের নীতিগত এবং পদ্ধতিগত সংস্কার করা জরুরি।”

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

ইসলামী আন্দোলনের আমির বলেন, “রাষ্ট্রের গুনগত পরিবর্তন সাধন না করে শুধু ব্যক্তি ও শাসকগোষ্ঠীর পরিবর্তন হলে স্বাধীনতা কাগুজে স্বাধীনতায় পরিণত হয়। স্বাধীনতার অর্ধশতাব্দীর পরও দেশে সংবিধান মেনে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দুঃখজনক দৃষ্টান্ত রয়েছে। চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার একটি রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই স্বৈরাচারকে উৎখাত করা হয়েছে। তবে, স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত ও গণভোটের মধ্যদিয়ে অনুমোদিত সংস্কারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “স্বাধীনতাকে অর্থবহ করতে গণভোটে অনুমোদিত সংস্কার প্রস্তাবগুলো দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করুন।”

বিবৃতিতে মুক্তিযুদ্ধের শহীদ ও হতাহতের শিকার সবার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন চরমোনাই পীর।