জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপির কথা ও কাজে মিল নেই বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর পল্টনে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এ দাবি করেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছাত্র-জনতার বিপ্লবের অর্জন জুলাই সনদ নিয়ে টালবাহানা ও গণভোট অধ্যাদেশ বাতিলের অপচেষ্টার প্রতিবাদে দলের পক্ষ থেকে বিকালে পল্টনের বিজয়-৭১ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে জুলাই অভ্যুত্থান কিছুটা সার্থক হয়েছে বলে মনে হবে। না হলে জুলাই অভ্যুত্থান পুরোটাই ব্যর্থ। সরকারি দল গণভোট ও জুলাই সনদ নিয়ে যে ধরনের টালবাহানা ও সাংবিধানিক বিতর্ক তৈরি করেছেন তা খুবই হতাশাজনক।
তিনি বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধে যদি আমাদের পরাজয় ঘটতো তাহলে শেখ মুজিব, জিয়াউর রহমানসহ সব মুক্তিযোদ্ধারা দেশদ্রোহিতা ও পাকিস্তানের সংবিধান লঙ্ঘনের দায়ে ফাঁসির মুখোমুখি হতেন।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে এবং আজকে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে বিভেদ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে এর সূত্র ধরে যদি আবার কখনও আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তাহলে তারেক রহমান, শফিকুর রহমান, ড. মুহাম্মদ ইউনূস, নাহিদ ইসলামরা সহ আমাদের সবাইকে সংবিধান লঙ্ঘন ও বিপ্লবের দায়ে শাস্তির সম্মুখীন হতে হবে।
সবাইকে সতর্ক করে মঞ্জু বলেন, গণভোট, জুলাই জাতীয় সনদ আদেশ ও জুলাই সনদকে সাংবিধানিক প্রশ্নে বিতর্কিত করা ফ্যাসিবাদি আওয়ামী লীগের কণ্ঠে সুর মিলানোর শামীল।