ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। সারা বিশ্বে মুসলিমরা শান্তিপূর্ণভাবে নিজেদের ধর্মীয় বিধিবিধান পালন করে আসছে। তবে পশ্চিমবঙ্গে মুসলিমরা নিজের পিতৃভূমিতে থেকেও আজ নিরাপদ নয়। মুসলিম নির্যাতন হিন্দুত্ববাদের উগ্রতার বহিঃপ্রকাশ। মানবতাবিরোধী এই কর্মকাণ্ড বন্ধে জাতিসংঘের ভূমিকা রাখতে হবে।
শুক্রবার (১৫মে) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত মাসিক সভায় তিনি এসব কথা বলেন।
নগর সভাপতি বলেন, নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকেই নাগরিকত্ব বাতিলসহ মুসলিম বিধ্বংসী খেলায় মেতে উঠেছে। তার নেতাকর্মীরা ভারতের বিভিন্নপ্রান্তে মুসলমানদের রক্ত ঝরাচ্ছে। পশ্চিমবঙ্গের মসজিদগুলোতে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না।
তিনি আরও বলেন, মানবতাবিধ্বংসী এসব কর্মকাণ্ড বন্ধে জাতিসংঘের কার্যকরী ভূমিকা রাখতে হবে। পাশাপাশি মুসলিমবিশ্বের নেতাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নরেন্দ্র মোদির শাস্তি দাবি করতে হবে। ওআইসির সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে ভারতে মুসলিম নির্যাতন বন্ধ করার উদ্যোগ নিতে হবে।
সভায় আরও ছিলেন– নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, দফতর সম্পাদক ফজলুল হক মৃধা, গোলামুর রহমান আজম, মাওলানা কামাল হোসেন, মুফতি আবদুল আহাদ, আবদুর রহমান, আল-আমীন আল ইহসান, শেখ আবু তাহের, প্রকৌশলী গোলাম মোস্তফা প্রমুখ।