বিএনপি বা অন্য কোনও দলের সঙ্গে কখনও আলোচনা করিনি: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, বিএনপি বা অন্য কোনও দলের সঙ্গে কখনও কোনও আলোচনা করেননি। এ নিয়ে একটি পক্ষ মিথ্যা তথ্য ছড়িয়েছে।

সোমবার (১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

তিনি লিখেছেন, একটা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে, তাসনিম জারার সঙ্গে বিএনপির নেগোসিয়েশন হয়ে গেছিলো।  আরও দাবি করা হচ্ছে যে, ‘‘জারা চ্যানেল করে বিএনপির সঙ্গে। দলটি তাকে গ্রিন সিগন্যাল দেয়।’’

তিনি বলেন, ‘‘এই দাবিগুলো সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মিথ্যা।’’ তিনি বিএনপি বা অন্য কোনও দলের সঙ্গে কখনও এমন  আলোচনা করেননি বলে উল্লেখ করেন।

তিনি আরও লেখেন, ‘‘যারা এই মিথ্যাচার ছড়াচ্ছেন, তাদের কাছে প্রশ্ন করুন— কবে, কোথায়, কার সঙ্গে এই নেগোসিয়েশন হলো? কোনও নাম, তারিখ বা প্রমাণ দিতে পারবেন না। কারণ এমন কিছু কখনও ঘটেনি।’’

তাসনিম জারা আরও লিখেছেন, ‘‘এই মিথ্যা ছড়ানোর উদ্দেশ্য হচ্ছে নিজেদের সুবিধামতো একটি ন্যারেটিভ দাঁড় করানো। মিথ্যার রাজনীতি আর কত?’’