নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম বুলবুলকে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে কুপিয়ে হত্যা করেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, প্রশাসনের উদাসীনতার কারণেই মুজাহিদুল ইসলাম বুলবুলকে প্রাণ দিতে হলো।
শুক্রবার (২১ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
চরমোনাই পীর বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে এলাকার বহুদিনের কুখ্যাত সন্ত্রাসী শেখ সিফাত তার দলবল নিয়ে মুজাহিদুল ইসলাম বুলবুলের ওপরে হামলা করে। এই সিফাতের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজির বহু অভিযোগ আছে। তার বিরুদ্ধে মামলাও আছে, কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। প্রশাসনের উদাসীনতার কারণেই মুজাহিদুল ইসলাম বুলবুলকে প্রাণ দিতে হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতার করা হলেও তাদের শাস্তিপ্রাপ্তির বিষয়ে আমরাসহ জাতি সন্দিহান।
সরকারের উদ্দেশে চরমোনাই পীর বলেন, এই সন্ত্রাসী ও তার দলবলের শাস্তি প্রদানে কোনও উদাসীনতা দেখা গেলে বা আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা ছাড় পেলে দেশব্যাপী ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়বে। সরকারকে সতর্ক করে বলবো, আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর হতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী প্রমুখ।