কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিও ও মিরপুরের রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনা তদন্ত করে দায়ীদের বিচার দাবি করেছে গণসংহতি আন্দোলন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ব্যর্থতার জন্য জবাবদিহি নিশ্চিত এবং পুলিশ সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে দলটি।
রোববার (৭ সেপ্টেম্বর) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, ঢাকার ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা এবং এর আগে মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনা যথাযথভাবে তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ব্যর্থতার দায়ে জবাবদিহি নিশ্চিত এবং পুলিশ সংস্কারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
গণসংহতির নেতারা বলেন, মিরপুরের রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকার পরও কেন কাউকে আটক করা হয়নি, সে বিষয়ে পুলিশকে জবাবদিহি করতে হবে। তাদের দাবি, পরবর্তীতে কয়েকজন ভাসমান ব্যক্তিকে আটক করা হলেও এখন পর্যন্ত হামলার নির্দেশদাতা এবং পুলিশের গাফিলতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা যায়নি। অবিলম্বে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করেন গণসংহতির নেতারা। তারা বলেন, এ ঘটনারও দ্রুত তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।
বিবৃতিতে তারা আরও বলেন, রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় দেখা গেছে, দুই জায়গাতেই একদল লোক সংঘবদ্ধভাবে আক্রমণ চালিয়ে স্থাপনা ভাঙচুর করেছে। রাজধানীতে এ ধরনের সংঘবদ্ধ হামলার ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তারা।
বিবৃতিতে আরও দাবি করা হয়, এরই মধ্যে দুটি ঘটনায় বিএনপির কর্মীদের যুক্ত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান গণসংহতি আন্দোলনের নেতারা।
তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশের ব্যর্থতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। অবিলম্বে পুলিশের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় বিভাগীয় সংস্কারের উদ্যোগ নেওয়ারও দাবি জানান তারা।