শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন করেছেন গণসংহতি আন্দোলন-জিএসএর নেতারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে দলের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মনিরুল হুদা বাবন, দফতর সম্পাদক গোলাম মোস্তফাসহ দলের কেন্দ্রীয় নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, ‘দীর্ঘ ফ্যাসিবাদি শাসনব্যবস্থার অবসান ঘটেছে হাজারও ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে। শহীদ নূর হোসেন ছিলেন আমাদের প্রেরণার অন্যতম উৎস। আওয়ামী লীগের ফেলে যাওয়া সব ফ্যাসিবাদি ব্যবস্থা ভেঙে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার কালে আছি আমরা। শহিদ নূর হোসেনকে ধারণ করে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে অবিচল থাকবো।’