দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণের দাবি সিপিবির

রাড্ডা ক্লিনিকের মতো একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাপ্রতিষ্ঠান দখলদারত্বের উদ্দ্যেশ্যে ভাঙচুর ও লুণ্ঠনের ঘটনায় সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না। পুলিশের উপস্থিতিতে এই ধরনের নেক্কারজনক হামলা দেশের মানুষকে বিক্ষুব্ধ করেছে। জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করার স্বার্থে অবিলম্বে ক্লিনিকটি পুনর্নির্মাণ এবং ঘটনার জন্য দায়ীদের গ্রেফতার ও বিচার করতে হবে। দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মিরপুর-১-এ ভাঙচুর ও লুণ্ঠনের শিকার রাড্ডা ক্লিনিকের সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন দলটির নেতারা।

সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে এবং সম্পাদকমণ্ডলীর সদস্য ফেরদৌস আহমেদ উজ্জ্বলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন  ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর, সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার, সম্পাদকমণ্ডলীর সদস্য মোতালেব হোসেন এবং সিপিবি ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির সদস্য ও মিরপুরের নেতা মো. রিয়াজউদ্দিন।

বক্তারা আরও  বলেন, জনগণের ট্যাক্সের টাকায় রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করা যাবে না। যারা এই ভাঙচুর ও লুণ্ঠনের সঙ্গে জড়িত এবং এর পেছনে যারা রয়েছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। যারা সারা দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে এবং এই লুটপাটের সঙ্গে জড়িত, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।

এতে আরও উপস্থিত ছিলেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি ডা. সাজেদুল হক রুবেল, জেলা কমিটির সদস্য জাহিদুল ইসলাম সজীব, কল্লোল বণিকসহ বিভিন্ন থানা শাখার নেতারা।