এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি সিপিবির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)  বর্ধিত মূল্যকে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহার এবং গ্যাসের বাজার স্থিতিশীল করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

রবিবার (৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিপিবির ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল ও সাধারণ সম্পাদক লুনা নূর এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আরও ২৫৮ টাকা বাড়ানো হয়েছে, যা অত্যন্ত অমানবিক সিদ্ধান্ত। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। এর মধ্যে নতুন করে গ্যাসের দাম বাড়ানো তাদের ওপর ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে।

সিপিবি নেতারা বলেন, মানুষের আয় ও ক্রয়ক্ষমতার সঙ্গে বাজারদরের কোনও সামঞ্জস্য নেই। সংসারের ব্যয় মেটাতে হিমশিম খাওয়া সাধারণ মানুষের জন্য গ্যাসের এই মূল্যবৃদ্ধি নতুন করে চরম দুর্ভোগের কারণ হবে।

তারা বলেন, ঢাকা মহানগর উত্তরসহ রাজধানীর বিস্তীর্ণ এলাকায় বিপুলসংখ্যক নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষ বসবাস করেন। তাদের দৈনন্দিন জীবনযাত্রায় রান্নার গ্যাস অপরিহার্য। সিলিন্ডার গ্যাসের দাম বাড়ায় এসব পরিবারের মাসিক ব্যয় আরও বেড়ে যাবে। বিশেষ করে শ্রমজীবী, স্বল্প আয়ের ও ভাড়াটিয়া পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, গ্যাসের মূল্যবৃদ্ধির পাশাপাশি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রির অপতৎপরতা সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এ ধরনের অরাজকতা রোধ করা সরকারের দায়িত্ব। অথচ কার্যকর বাজার তদারকি ও নিয়ন্ত্রণের অভাবে জনগণকে বারবার ভোগান্তির শিকার হতে হচ্ছে।

সিপিবি নেতারা অবিলম্বে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের বর্ধিত মূল্য প্রত্যাহার, গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা, কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধ এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।

তারা বলেন, জনগণের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তোলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারকে অবিলম্বে এই পরিস্থিতির অবসান ঘটিয়ে জনস্বার্থে কার্যকর ব্যবস্থা নিতে হবে।