বাসদের (মার্কসবাদী) তৃতীয় কনভেনশন: সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবানের ডাক

ফ্যাসিবাদের বিলোপ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার ডাক নিয়ে অনুষ্ঠিত হয়েছে বাসদের (মার্কসবাদী) তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন। এতে সারা দেশ থেকে কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, নারী, বিভিন্ন জাতিসত্ত্বা, দলিত জনগোষ্ঠীসহ জনগণের বিভিন্ন অংশ উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের সম্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে এবং সদস্য জয়দীপ ভট্টাচার্যের সঞ্চালনায় কনভেনশনে বক্তব্য রাখেন ভারতের সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়ার (কমিউনিস্ট) সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ, শ্রীলঙ্কার ফ্রন্টলাইন সোশ্যালিস্ট পার্টির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক পুবুদু জয়াগোদা, নেপালের কমিউনিস্ট পার্টির (মাওবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য নরেন্দ্র বাহাদুর সিং ও নেপালের বামপন্থি বুদ্ধিজীবী কুমার উপাধ্যায়।

অনুষ্ঠানে বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা বলেন, ‘ফ্যাসিবাদ বিলোপ ও বৈষম্য নিরসনের যে আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান হয়েছিল, তার বাস্তবায়ন হয়নি। বিগত অন্তর্বর্তী সরকার ও বর্তমান বিএনপি সরকারের শাসনামলে সে আকাঙ্ক্ষাকে পদদলিত করা হয়েছে।’ 

তিনি বলেন, ‘এবারের গণঅভ্যুত্থানে আমাদের দল সর্বশক্তি নিয়ে অংশগ্রহণ করেছিল। আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেও আমরা রাজপথে আন্দোলনে সক্রিয় ছিলাম। অন্তর্বর্তীকালীন সরকারের সময় চট্টগ্রাম সমুদ্র বন্দরের টার্মিনাল ইজারা দেওয়া, শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে, কৃষি ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আমরা লড়াই করেছি। আমরা জানি যে, শোষণহীন সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মুক্তি মিলবে না। তাই এখনও শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের নানা দাবি-দাওয়াকে কেন্দ্র করে আমরা লড়াই পরিচালনা করছি। পাশাপাশি অন্যান্য বামপন্থি দলগুলোকে সঙ্গে নিয়ে যুক্ত আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি।’ 

মাসুদ রানা বলেন, ‘বাসদ (মার্কসবাদী) এদেশের বুকে একটি সত্যিকারের বিপ্লবী দল গড়ে তোলার লক্ষ্যে লড়াই করছে।’ 

প্রভাস ঘোষ বলেন, ‘পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ আজ বিশ্বসভ্যতার জন্য চূড়ান্ত হুমকি। পুঁজিবাদী তীব্র অর্থনৈতিক সংকট, যুদ্ধ, বেকারত্ব, ছাঁটাই, মূল্যস্ফীতিতে সারা বিশ্বের জনগণ বিপর্যস্ত। গোটা বিশ্ব অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক নৈতিক সংকটে নিমজ্জিত। ১ শতাংশ মানুষের হাতে ৫০ শতাংশ সম্পদ কুক্ষিগত। কয়েককোটি শ্রমিক বেকার, বাঁচার মতো মজুরি নেই, কোটি কোটি ক্ষুধার্ত মানুষ অন্ন বস্ত্রহীন। অথচ সংসদীয় গণতন্ত্রের কথা বলে বাস্তবে দুই পার্টির পার্লামেন্টারি ব্যবস্থা চলছে।’ 

পুবুদু জয়াগোদা বলেন, ‘১৯৭২ সালে প্রধান নেতাসহ ৫০ হাজার নেতাকর্মীকে হত্যা এবং ১৯৮৮ সালের সশস্ত্র সংগ্রামেও অনেক হতাহত দলকে ভীষণ বিপর্যয়ের মধ্যে ফেলেছিল। নব্বইয়ের দশকে জেভিপি আবারও নিজেদের সংগঠিত করতে থাকে। তারই ধারাবাহিকতায় ২০১২ সালে ফ্রন্ট লাইন সোস্যালিস্ট পার্টি গড়ে ওঠে।’ 

নেপালের শ্রমজীবী পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে কুমার উপাধ্যায় বলেন, ‘পুঁজিবাদ সর্বোচ্চ শোষণের হাতিয়ার। পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ শুধু বাংলাদেশে নয় নেপালসহ সারা বিশ্বে সর্বগ্রাসী নিপীড়ন চালিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে মানবসমাজ ধ্বংস হবে।’ 

এর আগে জাতীয় প্রেসক্লাব থেকে একটি সুশৃঙ্খল র‍্যালি শহীদ মিনারে এসে সমাপ্ত হয়। দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন এবং সব শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।

দলের পক্ষ থেকে জানানো হয় শনিবার (১৪ নভেম্বর) বিকাল ৩টা, ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারের বিষয়— ‘দ্য ইমপ্যাক্ত অব পিপলস স্পনটেনিয়াস ম্যভমেন্ট অ্যান্ড আপরাইজিং ইন রেসিসটিং ফ্যাসিজম’।