বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের (মার্কসবাদী) মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। রবি ও সোমবার (১৫ ও ১৬ নভেম্বর) রাজধানীর ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত তৃতীয় কেন্দ্রীয় কনভেনশনের প্রতিনিধি সভা থেকে সর্বসম্মতিক্রমে ওই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন– জয়দীপ ভট্টাচার্য, শফিউদ্দিন কবির আবিদ, সীমা দত্ত, মাসুদ রেজা, তসলিমা আক্তার বিউটি, ইন্দ্রাণী ভট্টাচার্য সোমা, আসমা আক্তার, আহসানুল আরেফিন তিতু, রাজু আহমেদ, রাশেদ শাহরিয়ার, নিলুফার ইয়াসমিন শিল্পী ও বিটুল তালুকদার।
এর আগে দলের সমন্বয়কের দায়িত্ব পালন করেন মাসুদ রানা।
সভায় সভাপতির বক্তব্যে মাসুদ রানা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, তা পূরণ হয়নি। বেকারত্ব, বৈষম্য দূর করতে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের জন্যও সরকারের আন্তরিকতা ইতোমধ্যে প্রশ্নবিদ্ধ। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি উপেক্ষিত হচ্ছে। অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিএনপি সরকারও একইভাবে জনআকাঙ্ক্ষার বিরোধী পথে হাঁটছে। জুলাই গণহত্যার বিচারের ক্ষেত্রেও সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি।