‘জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি ১১ দলীয় জোট ছাড়তে পারবে না’

জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি কখনও ১১ দলীয় জোট ছাড়তে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে বলেন, জামায়াত পরিচালিত ১১ দলীয় জোট। যদিও সেখান থেকে ২ দল চলে যাওয়ার পরও নাকি ১১ দলীয় জোটই রয়ে গেছে। সম্প্রতি এই জোটের শরীক দল এনসিপি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে। এর পর থেকে নাকি ১১ দলীয় জোটে মতবিরোধ দেখা দিয়েছে। জামায়াতসহ অন্য দলগুলোর বক্তব্য এনসিপি কেন জোটের অন্য দল ছাড়া সরকারের সঙ্গে মিটিং করবে? এই ইস্যুকে কেন্দ্র করে জোটের মধ্যে কিছুটা অবিশ্বাস সন্দেহ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, অনেকেই বলছে এনসিপি নাকি জামায়াত জোট ছাড়তে পারে। তবে বাস্তবতা হলো এমনটা হওয়ার কোনও সম্ভাবনা নাই। কেননা জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি কখনও ১১ দলীয় জোট ছাড়তে পারবে না। এখানে এনসিপির কি অবস্থান বা ভূমিকা হবে সেটা মূলত নির্ধারণ করে জামায়াত। ফলে জামায়তের বাইরে এনসিপি যাওয়া মানেই এনসিপির ভাঙন অনিবার্য।