গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার অভিযোগে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গতরাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামে অবস্থিত পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এসব হামলা চালিয়েছে।
নাহিদের দেওয়া বিবৃতিতে বলা হয়, শুধু নভেম্বর মাসেই দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের অন্তত ১০০টি শাখা পেট্রলবোমা হামলার লক্ষ্যবস্তু হয়েছে। গ্রামীণ ব্যাংক আন্তর্জাতিকভাবে ‘দরিদ্রের ব্যাংক’ হিসেবে পরিচিত একটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান। ক্ষুদ্রঋণ কার্যক্রমের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পায় প্রতিষ্ঠানটি। চলতি বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তি হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ইউনূসের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ব্যাংকটিকে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশ সরকারের। অধ্যাপক ইউনূস ব্যাংকটি প্রতিষ্ঠা করেন এবং এর কার্যক্রমের ভিত্তি গড়ে দেন।
সাম্প্রতিক হামলাগুলো দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার ব্যর্থতাও তুলে ধরেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করা, ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ করা এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দলটির কর্মীরা দেশের ভেতরে সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং ভারতীয় ভূখণ্ড থেকে এসব কার্যক্রম পরিচালনা করছে। এ ধরনের আন্তসীমান্ত সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আওয়ামী লীগের কর্মকাণ্ডের নিন্দা জানানো, দলটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের পূর্ণাঙ্গ চিত্র স্বীকার করা এবং দলটিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।
এতে আরও বলা হয়, জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদনে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের দিকে নিয়ে যাওয়া অভ্যুত্থানের সময় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হওয়ার তথ্য উঠে এসেছে।