ইসলামী ব্যাংক ও ‘নগদ’ ইসলামিকের মধ্যে চুক্তি সই

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর সঙ্গে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি চুক্তি সই হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ছিল এই আয়োজন। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠান দুটির এক সঙ্গে পথচলা শুরু হলো। রবিবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, ডাক অধিদফতরের মহাপরিচালক মো. হারুনুর রশীদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনিম হাসান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুনিরুল মওলা, নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকসহ নগদ ও ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে নগদ ও নগদ ইসলামিকের গ্রাহকরা ইসলামী ব্যাংকের মাধ্যমে অ্যাড মানি, ডিপিএস ও রেমিটেন্স লেনদেন করতে পারবেন। এ ছাড়া ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ অ্যাপের মাধ্যমেও নিতে পারবেন নগদ ও নগদ ইসলামিকের সেবা।     

অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, ‘নগদ’-এর মতো একটি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের সঙ্গে পথচলা শুরু করলো, এতে আমরা আনন্দিত। ‘নগদ’-কে ধন্যবাদ দেই তাদের ইনোভেশনের জন্য। তারা ই-কেওয়াসিসহ বেশ কিছু বিষয় দেশের মানুষের কাছে পরিচিত করিয়েছে। এর ফলে মানুষ সরাসরি ‘নগদ’-এর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিতে যুক্ত হতে পারছে।

মন্ত্রী বলেন, ‘নগদ বিভিন্ন ধরনের ভাতা বিতরণ করতে করতে আজ এ পর্যন্ত এসেছে। আজ ইসলামী ব্যাংকের সঙ্গে ‘নগদ’-এর চুক্তি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। আমরা বাংলাদেশের সমৃদ্ধি দেখতে চাই, ডিজিটাল বাংলাদেশের পথ ধরেই সমৃদ্ধি আসবে। 

মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, নগদ সাড়ে তিন বছরে সাড়ে ছয় কোটি গ্রাহককে আর্থিক অন্তর্ভুক্তিতে এনেছে। এ জন্য তাদের ধন্যবাদ জানাই। নগদ ইসলামিক সেবা চালু করেছে, এটি সময়ের দাবি এবং এ দেশের কোটি কোটি মানুষ হৃদয়ে যে বিষয়টি লালন করে সেটি নগদ নিয়ে এসেছে। এটি আরও অনেক বেশি সফল হবে বলে আমি বিশ্বাস করি।

ইসলামী ব্যাংকের সাথে ‘নগদ’-এর আনুষ্ঠানিক পথচলার বিষয়ে ‘নগদ’ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যাবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ইসলামী ব্যাংককে ধন্যবাদ দেই ‘নগদ’-এর সঙ্গে পথচলা শুরুর জন্য। ব্যাংকগুলোর জন্য মানুষের দোড়গোড়ায় সেবা নিয়ে যাওয়া সম্ভব না, যেটি ‘নগদ’-এর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে সম্ভব। আমরা আগামী বছর ‘নগদ’-এর সাড়ে ছয় কোটি গ্রাহককে স্মার্ট কার্ড দেবো। ‘নগদ’-এর ভিশনই ছিল যত কম খরচে মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া যায়। দেশের এমএফএস সেবা কারও কাছে জিম্মি থাকবে না, আমরা এই সেবাকে সবার কাছে নিয়ে যেতে চাই। 

চলতি মাসের ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের গ্রাহকরা নিজ অ্যাকাউন্ট থেকে যেকোনও ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্টে ৩ হাজার ৫৫০ টাকা অ্যাড মানি করলেই সঙ্গে সঙ্গে উপহার হিসেবে পাচ্ছেন ৩০ টাকা মোবাইল রিচার্জ। এই উপহার নগদ ইসলামিক অ্যাকাউন্টের নম্বরে পৌঁছে যাবে। একজন গ্রাহক একবার এই উপহার পাবেন। অফারটি নগদ ইসলামিকের পাশাপাশি নগদ গ্রাহকেরাও পাবেন।