জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও যোদ্ধাদের চূড়ান্ত তালিকা করার দাবি জানানো হয়েছে। রাজধানীর ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর চেতনা: আগামী প্রজন্মের অনুপ্রেরণা’ শীর্ষক সেমিনারের আলোচকরা এ দাবি জানান। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রবিবার দুপুরে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, ‘১৯৭১ সালে এই তালিকা হয়নি বলে পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়েছে। তাই এখন তালিকাটা চূড়ান্ত করে ফেলতে পারলে প্রশ্ন কম উঠবে।’
সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নূরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজনীতি ও উন্নয়ন বিভাগের শিক্ষক প্রফেসর মো. হায়দার ফারুক।
আলোচনায় অংশ নেন– বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর মুজিব খান, ট্রাস্টি বোর্ডের সচিব প্রফেসর মুনির আহমদ, বাংলাদেশ সাংবাদিক ফাউন্ডেশনের সভাপতি সাঈদুর হোসেন সাহেদ ও কোটা সংস্কার রিটকারী দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব এডিটর মোহাম্মদ আবদুল অদুদ।
সেমিনারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ প্রতিষ্ঠানটির শিক্ষার্থী মোহাম্মদ শাকিল হোসেন জুলফিকারের পরিবারকে এক লাখ টাকা সহায়তার চেক হস্তান্তর করা হয়। শহীদ মোহাম্মদ শাকিল হোসেন জুলফিকার ইউডার চারুকলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি জুলাই আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন এবং মিরপুর ১০-এ আন্দোলনে থাকা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হয়ে দুই দিন পর নিউরোসায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।