ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অনুষ্ঠানে জাতীয় সমৃদ্ধি অর্জনে শিক্ষকদের দক্ষতার ওপর জোর গভর্নরের

শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও কার্যকর নাগরিক হিসেবে গড়ে তোলেন, একইসঙ্গে নিজেদের জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে দেশের প্রয়োজনে অবদান রাখেন। সে জন্য সমৃদ্ধ জাতি গঠনে আমাদের দক্ষ শিক্ষকের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

সোমবার (২৫ আগস্ট) রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টি আয়োজিত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড-এর সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, ‘দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংককে বর্তমান গভর্নর দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন।’

তিনি আশা প্রকাশ করেন, ‘বর্তমান গভর্নর সরকারের কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মীদের জন্য একটি স্বতন্ত্র বেতন স্কেল এবং গভর্নর পদটিকে সাংবিধানিক পদে অনুমোদনের জন্য উদ্যোগ নেবেন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. আশিক মোসাদ্দিক, আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. সুফিয়া ইসলাম এবং প্রশিক্ষণ গ্রহণকারী দুই জন শিক্ষক।

অনুষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া ৩৪ জন শিক্ষকের হাতে সনদ তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ। বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মকর্তা এতে অংশ নেন।