ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ধরিত্রী দিবস উদযাপন করা করেছে। সোম-বুধবার (২০-২২ এপ্রিল) পর্যন্ত তিন দিনব্যাপী এ আয়োজন করা হয়। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞরা পরিবেশ সচেতনতা ও টেকসই উন্নয়ন বিষয়ক নানা কার্যক্রমে অংশ নেন।
আয়োজনে সেমিনার, সাংস্কৃতিক পরিবেশনা, বিভিন্ন প্রদর্শনী এবং আল্পনা প্রশিক্ষণ কর্মশালাসহ মোট ৩৮টি কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল। এসব কার্যক্রম পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন ও গবেষণা বিশেষজ্ঞ, আন্তর্জাতিক শিক্ষাবিদ, কূটনীতিক এবং শিল্প খাতের নেতাসহ বিশিষ্ট অতিথিরা অংশ নেন।
উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন– কেপিএমজি বাংলাদেশের সাবেক পার্টনার এম আলী আশফাক; বন বিভাগের ডেপুটি চিফ কনজারভেটর অব ফরেস্টস (ডিসিসিএফ) রাকিবুল হাসান; লেখক ও নদী গবেষক শেখ রোকন; বিআইআইডির সিইও মো. শহীদ উদ্দিন আকবর; ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. ঝেং লি; পাওয়ারচায়না বাংলাদেশের কান্ট্রি হেড মি. হান কুন; সুইডিশ দূতাবাসের পলিটিকস অ্যান্ড ট্রেড বিভাগের প্রধান ওলে লুন্ডিন; ইন্টারন্যাশনাল আইডিইএ স্টকহোম, সুইডের কনস্টিটিউশনাল গভর্নেন্স অ্যান্ড রুল অব ল’ বিভাগের প্রধান, সুমিত বিসারিয়া; আরিফুল হাসান অপু।
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা বলেন, ধরিত্রী দিবস উদযাপনটি কেবল একটি প্রতীকী আয়োজন নয়। এই তিন দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে অর্থবহ সংলাপ তৈরি করা এবং শিক্ষার্থী ও বৃহত্তর কমিউনিটিকে একটি টেকসই ভবিষ্যৎ নির্মাণে দায়িত্বশীল ভূমিকা নিতে উদ্বুদ্ধ করা ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে আরও ছিল সাংস্কৃতিক পরিবেশনা ও লাইভ কনসার্ট; যা পরিবেশ সচেতনতা, আলোচনা এবং কমিউনিটি সম্পৃক্ততাকে আরও প্রাণবন্ত করে তোলে। এই উদ্যোগের মাধ্যমে ইউল্যাব পরিবেশগত দায়িত্ববোধ এবং টেকসই ভবিষ্যতের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।