সৌন্দর্য প্রতিযোগিতার অনুষ্ঠান মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর প্রতিযোগীদের আন্তর্জাতিক অঙ্গনের জন্য প্রস্তুত করতে স্বাস্থ্য, ব্যক্তিত্ব বিকাশ এবং নেতৃত্বের দক্ষতা উন্নয়নে কাজ করছে রাজুভা ওয়েলনেস ও এমআইবিটি।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ বলেন, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শুধু একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়; এটি এমন একটি প্ল্যাটফর্ম, যা তরুণীদের নিজেদের সম্ভাবনা বিকাশে, নেতৃত্বের গুণাবলি অর্জনে এবং সমাজে অর্থবহ অবদান রাখতে অনুপ্রাণিত করে।’ তার এই দৃষ্টিভঙ্গির আলোকে প্রতিযোগীদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক দায়বদ্ধতা বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই উদ্যোগের অংশ হিসেবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর প্রতিযোগী সামানজার সাঈদের প্রস্তুতিতে কাজ করছেন রাজুভা ওয়েলনেস-এর প্রতিষ্ঠাতা ও ওয়েলনেস কনসালট্যান্ট ডা. তাওহীদা রহমান ইরীন। তিনি সামানজারের সার্বিক ওয়েলনেস, ত্বক, চুলের যত্ন, সুষম পুষ্টি, স্বাস্থ্যকর জীবনযাপন এবং ব্যক্তিগত সুস্থতা নিয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দিচ্ছেন, যাতে তিনি আন্তর্জাতিক মঞ্চের জন্য শারীরিক ও মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারেন।
এছাড়া এমআইবিটি-এর প্রতিষ্ঠাতা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেজেন্ট কোচ ডা. নিলুফার ইসলাম মোনা সামানজার সাঈদকে পাবলিক স্পিকিং, ইন্টারভিউ দক্ষতা, ব্যক্তিত্ব বিকাশ, স্টেজ প্রেজেন্স এবং বিউটি উইথ অ্যা পারপাস উদ্যোগের জন্য প্রস্তুত করতে প্রশিক্ষণ ও মেন্টরিং দিচ্ছেন।
রিজুভা ওয়েলনেসের চেয়ারম্যান বি এ সাদিক এ ধরনের মহৎ ও জনকল্যাণমূলক কার্যক্রমে রিজুভা ওয়েলনেসের সক্রিয় সম্পৃক্ততা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি ভবিষ্যতেও মানুষের কল্যাণ, সুস্থতা ও উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা জানান, এই সহযোগিতার উদ্দেশ্য কেবল আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য একজন প্রতিযোগীকে প্রস্তুত করা নয়; বরং তাকে একজন আত্মবিশ্বাসী, সমাজসচেতন এবং দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে গড়ে তুলতে সহায়তা করা। তাদের প্রত্যাশা, স্বাস্থ্য, ত্বক ও চুলের পরিচর্যা, পুষ্টি, ব্যক্তিত্ব বিকাশ এবং সামাজিক উদ্দেশ্যকে একসঙ্গে গুরুত্ব দেওয়ার এই উদ্যোগ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করবে।