ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফে বিজয়ীদের পুরস্কার বিতরণ

নবম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন এস এম আব্দুল্লাহ ফারাবী। রানারআপ হয়েছেন কমোডর এ কে এম আফজাল হোসেন। নারী প্রতিযোগীদের মধ্যে বিজয়ী হয়েছেন হাইজং উম। এ ছাড়া ম্যান রেগুলার ব্যাক নাইন উইনার হওয়ার গৌরব অর্জন করেছেন আকিব আরাফাত খান।

পুরস্কার বিতরণ শেষে সেনাবাহিনী প্রধান উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন। এ ধরনের প্রতিযোগিতা দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টারমাস্টার জেনারেল ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং টুর্নামেন্টের স্পন্সর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির উপস্থিত ছিলেন।

এ ছাড়া কুর্মিটোলা গলফ ক্লাব ও ড্যাফোডিল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, টুর্নামেন্টে অংশগ্রহণকারী গলফার ও তাদের পরিবারের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।