আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২,০৬৭ শিক্ষার্থী

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৭তম সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ২ হাজার ৬৭ শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত সমাবর্তনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, শিক্ষাব্যবস্থার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা জরুরি। উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে যুক্ত করে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম চালু করতে হবে। তরুণদের দক্ষ কর্মী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, তরুণদের মেধা, সততা ও পরিশ্রমের ওপর নির্ভর করছে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং এক কোটি নতুন উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জন।

সমাবর্তন বক্তা অধ্যাপক আইনুন নিশাত বলেন, বিশ্ব ও জ্ঞানের পরিমণ্ডল দ্রুত বদলাচ্ছে। তাই শিক্ষার্থীদের কোর্স শেষ হলেও শেখার পরিধি শেষ হয়নি; প্রতিনিয়ত নিজেদের হালনাগাদ করতে হবে।

অনুষ্ঠানে আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন ও উপাচার্য অধ্যাপক ম. তামিম বক্তব্য দেন।

সমাবর্তনে ভ্যালেডিক্টোরিয়ান নির্বাচিত হন ফিনান্স বিভাগের মারজান ফেরদৌস তাসবিহ। তিনি চ্যান্সেলরস গোল্ড মেডেলও পেয়েছেন। একই পদক পেয়েছেন ফিনান্স বিভাগের নাহিয়ান ইসলাম আসিফ ও মার্কেটিং বিভাগের শাদমান সাকিব হাসান। অলরাউন্ডার অ্যাওয়ার্ড পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইকরাম হোসেন আকিফ।

এ ছাড়া ভালো ফলাফল ও সহশিক্ষা কার্যক্রমে অবদানের জন্য কয়েকজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সমাবর্তন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আসিফ পারভেজ। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করে ব্যান্ড ওয়ারফেজ।