গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে সপ্তাহব্যাপী ‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২’ শেষ হয়েছে। গত ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ ক্রীড়া উৎসবে ২৪টি ক্লাবের ১ হাজার ২০০-এর বেশি ক্রীড়াবিদ ও অংশগ্রহণকারী অংশ নেন। ১৩টি ইভেন্টে প্রতিযোগিতা শেষে সম্মিলিতভাবে চ্যাম্পিয়ন হয়েছে আয়োজক গুলশান ইয়ুথ ক্লাব।
শনিবার (৭ নভেম্বর) গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের বাস্কেটবল কমপ্লেক্সে উৎসবের সমাপনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।
আয়োজকরা জানান, উৎসবে ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, সাতজনের ফুটবল, গলফ, আট বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ ও আর্ম রেসলিং অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় গুলশান ইয়ুথ ক্লাব আটটি ইভেন্টে স্বর্ণ, চারটিতে রৌপ্য ও চারটিতে ব্রোঞ্জ পদক পায়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ী ক্লাবের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এ ছাড়া অংশগ্রহণকারী ক্লাবগুলোর সভাপতি এবং পৃষ্ঠপোষক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, সব বয়সী মানুষের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে সহজলভ্য ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন খেলার মাঠ গড়ে তোলা জরুরি। তাবিথ আউয়াল ক্লাবভিত্তিক ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে নতুন প্রতিভা বিকাশে আরও সুযোগ তৈরির আহ্বান জানান।