রাজশাহীতে নাবিল গ্রুপের ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা

ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়ে নাবিল গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘সাফল্যের সাথে আগামির পথে’ আয়োজনের রাজশাহী পর্ব। শনিবার (১৪ নভেম্বর) রাজশাহীর বামনশিকড় খড়খড়িতে অবস্থিত নাবিল গ্রুপের আর অ্যান্ড ডি (গবেষণা ও উন্নয়ন) সেন্টারে এ আয়োজ করা হয়। অনুষ্ঠানে রাজশাহী রিজিওনের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনার অংশ নেন।

অনুষ্ঠানে ব্যবসায়িক পার্টনারদের অবদান, বাজারের সম্ভাবনা, ব্যবসায়িক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরা হয়। ‘সাফল্যের সাথে আগামির পথে’ আয়োজনের রাজশাহী পর্বে ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করা, বাজারে পণ্যের উপস্থিতি বৃদ্ধি এবং গ্রাহকদের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতের নতুন সম্ভাবনা সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে নাবিল গ্রুপের চেয়ারম্যান মো. জাহান বক্স বলেন, নাবিল গ্রুপের অগ্রযাত্রায় আমাদের ব্যবসায়িক পার্টনারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও সহযোগিতার ভিত্তিতেই আমরা আজকের অবস্থানে পৌঁছেছি। আমরা বিশ্বাস করি, পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করা সম্ভব। নাবিল গ্রুপ তার পার্টনারদের সঙ্গে নিয়েই আগামীর পথে এগিয়ে যেতে চায়।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কৃষিবিদ মো. আমিনুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য শুধু ব্যবসার পরিধি বৃদ্ধি নয়; বরং মানসম্মত পণ্য, কার্যকর বাজার ব্যবস্থাপনা এবং পার্টনারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা। রাজশাহী রিজিওনের ব্যবসায়িক পার্টনারদের এই অংশগ্রহণ আমাদের আরও অনুপ্রাণিত করেছে। বাজারের পরিবর্তিত চাহিদা ও নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা সবাই মিলে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করতে চাই। দেশের কৃষি, খাদ্য, ফিড ও ভোগ্যপণ্য খাতে কার্যক্রম পরিচালনাকারী নাবিল গ্রুপ তার বিভিন্ন পণ্য ও সেবা দেশের বিস্তৃত বাজারে পৌঁছে দিতে ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। নাবিল নাবা ফুডসের চাল, আটা, ময়দা, সুজি ও ডালজাতীয় পণ্য, নাবিল ফিড মিলসের বিভিন্ন ফিড পণ্য এবং ফুডেলা ব্র্যান্ডের ভোগ্যপণ্য গ্রুপের ব্যবসায়িক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ।