আর্থিক অন্তর্ভুক্তির পথে বড় বাধা জামানত ও কাগজপত্রের জটিলতা

শুধু ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই প্রকৃত আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত হয় না। জামানত ও যোগ্যতার কঠিন শর্ত, কাগজপত্রের জটিলতা, উচ্চ খরচ এবং গ্রাহকের চাহিদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সেবার কারণে অনেক মানুষ ব্যাংকিং ব্যবস্থার বাইরে থেকে যাচ্ছেন। গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজের (জিএবিভি) এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

জিএবিভি আয়োজিত বার্ষিক আন্তর্জাতিক ক্যাম্পেইন ‘ব্যাংকিং অন ভ্যালুজ ডে ২০২৬’-এর অংশ হিসেবে ৪৮টি দেশের ৭৪টি সদস্য প্রতিষ্ঠানের ওপর এই জরিপ চালানো হয়। জোটের ৮৯ শতাংশ সদস্য প্রতিষ্ঠান এতে অংশ নেয়।

জরিপে অংশ নেওয়া ৬২ শতাংশ প্রতিষ্ঠান জামানত বা যোগ্যতার কঠিন শর্তকে আর্থিক অন্তর্ভুক্তির বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে। ৩৮ শতাংশ কাগজপত্র বা আইনি পরিচয়পত্রের জটিলতা এবং ২৯ শতাংশ আর্থিক সেবার উচ্চ খরচের কথা জানিয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ব্র্যাক ব্যাংক। জিএবিভির একমাত্র বাংলাদেশি ব্যাংক হিসেবে প্রতিষ্ঠানটি ২০০৯ সাল থেকে জোটটির প্রতিষ্ঠাতা সদস্য। এবারের ক্যাম্পেইনে ‘ফেসেস অব ইনক্লুশন’ প্রতিপাদ্যে আর্থিক অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতা এবং সেবা আরও সহজলভ্য ও কার্যকর করার উপায় তুলে ধরা হয়েছে।

জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ৩৬ শতাংশ আর্থিক সেবার অভাবকে অন্তর্ভুক্তির প্রধান বাধা মনে করে। তবে প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিষ্ঠানের মতে, সেবা থাকার পরও বিভিন্ন কারণে মানুষ তা ব্যবহার করতে পারছেন না। ৪২ শতাংশ প্রতিষ্ঠান মনে করে, আর্থিক সেবাগুলো মানুষের প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়নি। আস্থার অভাব বা সেবা ব্যবহারে অনীহাকে দায়ী করেছে ১৪ শতাংশ এবং উচ্চ খরচের কথা জানিয়েছে ৮ শতাংশ।

আর্থিক অন্তর্ভুক্তির অভাবে মানুষের অর্থনৈতিক ঝুঁকি ও অসহায়ত্ব বাড়ছে বলেও জরিপে উঠে এসেছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের এক-তৃতীয়াংশ এ বিষয়টি উল্লেখ করেছে। এছাড়া ১৮ শতাংশ প্রতিষ্ঠান অনানুষ্ঠানিক বা চড়া সুদের ঋণের ওপর নির্ভরতা, ১৪ শতাংশ সাশ্রয়ী ঋণের অভাব এবং ১২ শতাংশ মূলধারার অর্থনীতি ও কর্মসংস্থানে সীমিত অংশগ্রহণের কথা জানিয়েছে। ব্যবসা শুরু বা সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের বাধার কথা বলেছে ১১ শতাংশ প্রতিষ্ঠান।

জরিপ অনুযায়ী, আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্নআয়ের ব্যক্তি ও পরিবার। ৫৩ শতাংশ প্রতিষ্ঠান তাদের কথা উল্লেখ করেছে। এরপর রয়েছে অভিবাসী ও শরণার্থী (৪৫ শতাংশ), গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠী (৪১ শতাংশ), নারী (২৯ শতাংশ) এবং অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (২৪ শতাংশ)।

আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে গ্রাহকের সঙ্গে সম্পর্কভিত্তিক ব্যাংকিং, চাহিদা অনুযায়ী বিশেষায়িত আর্থিক পণ্য এবং আর্থিক সাক্ষরতা কার্যক্রমকে কার্যকর মনে করছে মূল্যবোধভিত্তিক ব্যাংকগুলো। জরিপে ৫২ শতাংশ প্রতিষ্ঠান সম্পর্কভিত্তিক ব্যাংকিং, ৫০ শতাংশ গ্রাহকের প্রয়োজন অনুযায়ী আর্থিক পণ্য এবং ৪১ শতাংশ আর্থিক সাক্ষরতা ও সচেতনতামূলক কার্যক্রমের পক্ষে মত দিয়েছে।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে বাদ পড়ার কারণ নিয়ে জিএবিভির জরিপে উঠে আসা অনেক বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটেও প্রাসঙ্গিক। এর মধ্যে রয়েছে সেবার মূল্য, কাগজপত্রের জটিলতা, জামানতের শর্ত এবং গ্রাহকের চাহিদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আর্থিক সেবা।

তিনি বলেন, জরিপের তথ্য এসব বাধা বুঝতে, স্থানীয় বাজারের প্রেক্ষাপটে বিশ্লেষণ করতে এবং বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে সহায়তা করবে। সুবিধাবঞ্চিত মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য আর্থিক সেবা আরও সহজলভ্য, প্রাসঙ্গিক ও কার্যকর করতেও এসব ফলাফল ভূমিকা রাখবে।

জিএবিভির নির্বাহী পরিচালক মার্টিন রোনার বলেন, কতজন মানুষ আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছেন, শুধু তা দিয়ে আর্থিক অন্তর্ভুক্তি মাপা উচিত নয়। বরং যুক্ত হওয়ার পর সেই ব্যবস্থা তাদের কতটা কাজে আসছে, সেটিই গুরুত্বপূর্ণ। আর্থিক সেবা সহজলভ্য, সাশ্রয়ী এবং মানুষের বাস্তব প্রয়োজন ও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া দরকার।

ব্র্যাক ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকটি মূলত ব্যাংকিং সেবার বাইরে থাকা এবং পর্যাপ্ত আর্থিক সেবা না পাওয়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। গত ২৫ বছরে ব্যাংকটি ২০ লাখের বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে অর্থায়ন করেছে এবং প্রায় ২ লাখ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এর মাধ্যমে সারাদেশে আনুমানিক ২ কোটি মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।