বাংলাদেশে প্রথমবারের মতো অমনিচ্যানেল ব্যাংকিং সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। নতুন এ ব্যবস্থায় ব্যাংকের শাখা, কল সেন্টার ও ডিজিটাল সেবাকে একই প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। ফলে গ্রাহকরা একটি মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম শুরু করে অন্য মাধ্যমে তা চালিয়ে যেতে বা শেষ করতে পারবেন।
রবিবার (১ নভেম্বর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ সেবার উদ্বোধন করা হয়।
ব্যাংকটি জানায়, নতুন ব্যবস্থায় গ্রাহকের তথ্য ও আগের যোগাযোগের বিবরণ সব চ্যানেলে তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে। ফলে ব্যাংকের কর্মকর্তারা গ্রাহকের পূর্ববর্তী কার্যক্রম সম্পর্কে জেনে দ্রুত ও ব্যক্তিগত চাহিদা অনুযায়ী সেবা দিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, ডিজিটাল সুবিধা ও মানুষকেন্দ্রিক সেবার সমন্বয়ে অমনিচ্যানেল ব্যাংকিং দেশের ব্যাংকিং খাতে নতুন পরিবর্তন আনবে।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, আধুনিক প্রযুক্তি, ডেটা অ্যানালিটিক্স ও ব্যক্তিকেন্দ্রিক সহায়তার মাধ্যমে গ্রাহকদের জন্য সমন্বিত ব্যাংকিং অভিজ্ঞতা তৈরি করা হচ্ছে। এর লক্ষ্য ব্যাংকিং সেবা সহজ, দ্রুত ও সুবিধাজনক করার পাশাপাশি গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা।