খুলনার সব ভবনে এখন উড়ছে প্রিয় দলের পতাকা। তাই বলে বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাটুকুও সেই আবেগের তোড়ে ভেসে যায়নি। তাই ক্রীড়ামোদীরা প্রিয় দলের পতাকার সঙ্গে সবার উপরে প্রথমেই স্থান দিচ্ছে বাংলাদেশের পতাকা।
মাটি থেকে উঁচু ভবন, সেতুর মাথা, বিজ্ঞাপনের বিল বোর্ড- সবখানে উড়ছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্সসহ বিশ্ব ফুটবলের পরাশক্তিদের পতাকা। স্বাভাবিকভাবে ফুটবল প্রেমীরা প্রিয় দলের পতাকা উড়িয়ে তাদের সমর্থন জানান দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমর্থক আর ভক্তদের উন্মাদনা। ঈদের কেনাকাটা আর ব্যস্ততার মাঝেও থেমে নেই প্রিয় ফুটবল দলের পতাকা কেনা।
পিকচার প্যালেস মোড় থেকে পতাকা কিনেছেন মো. নুরুল আলম দিপু। জানালেন দাম বেশি হলেও পতাকা কিনতে আপত্তি নেই তার। এর ব্যাখ্যায় তিনি বলেন, ‘প্রিয় দলের পতাকা পেলাম, দাম একটু বেশি হলেও কোন সমস্যা নেই। ওরাতো আর সারা বছর এ পতাকা বেঁচবে না। ৪ বছর পর পর এ মৌসুমী ব্যবসায়ীরা সক্রিয় হয়। তাই দাম একটু বেশি হলেও প্রিয় দল ব্রাজিলের ভালো একটি পতাকা পেয়েছি, তাতেই আনন্দ।’
মো. জহির মৌসুমী পতাকা ব্যবসায়ী। থাকেন ঢাকার কেরানীগঞ্জ এলাকায়। পতাকা বিক্রি করতে খুলনায় এসেছেন। তিনি জানালেন ২০ টাকা থেকে ৫শ’ টাকা দামে বিভিন্ন দেশের ছোট বড় পতাকা বিক্রি করছেন। ভক্তরা প্রিয় দেশের পতাকা কিনছেন হুমড়ি খেয়েই।