অনুশীলনে পিকের চোট

জেরার্দ পিকে

রাশিয়ায় অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন স্পেনের ডিফেন্ডার জেরার্দ পিকে। সোমবার হাঁটুর চোটে অনুশীলন শেষ করার আগেই মাঠ ছেড়ে গেছেন। শুরুতে এমন চোট চিন্তার ভাঁজ ফেললেও সতীর্থ রোদ্রিগো মোরেনো জানিয়েছেন ভাবনার কিছু নেই।

অনুশীলনে বাম হাঁটুতে অস্বস্তি বোধ করেন পিকে। ফেব্রুয়ারিতে এই হাঁটুতেই ব্যথা পেয়েছিলেন। সেই হাঁটুর চোটই পুনরায় অস্বস্তিতে ফেলে দিয়েছিল তাকে। তবে রোদ্রিগো সংবাদ মাধ্যমকে আশ্বস্ত করে জানিয়েছেন, ‘পিকে ভালো আছে। মূল কথা হলো তাকে নিয়ে কোনও সমস্যা নেই।’ একই কথা জানিয়েছে স্পেনের ফুটবল ফেডারেশন। তারা জানিয়েছে, পিকে কোনও সমস্যার মুখোমুখি হয়নি।

৩১ বছর বয়সী এই তারকা স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন ২০১০ সালে। জাতীয় দলের হয়ে খেলেছেন ৯৮টি ম্যাচ। ৩১ বছর বয়সী পিকে আগেই জানিয়েছেন, বিশ্বকাপের পর বিদায় দেবেন ফুটবলকে।

রাশিয়া বিশ্বকাপে স্পেনের মিশন শুরু হবে ১৫ জুন। সোচিতে তাদের প্রতিপক্ষ রোনালদোর পর্তুগাল।